গণতন্ত্র ফিরবে অবাধ নির্বাচনের মাধ্যমেই: ব্যারিস্টার কামরুজ্জামান

দিনাজপুর-৫ আসনের ফুলবাড়ী ও পার্বতীপুরে ধারাবাহিক গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।
সোমবার বিকেলে হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে। বিগত “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার” জনগণের ভোটাধিকার, নাগরিক অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সেই সরকারের পতন হলেও এখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসবে,”—মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ জহির উদ্দিন বানিয়া। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম শাহ্, সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকসহ স্থানীয় নেতারা।
ব্যারিস্টার কামরুজ্জামান আরও বলেন, রাষ্ট্রসংস্কারে বিএনপি সবসময় অগ্রদূত। ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ২০৩০ ভিশনের মাধ্যমে ২৯ দফা ঘোষণা দেন, ২০২৩ সালে তারেক রহমান দেন ৩১ দফা কর্মসূচি। এগুলো বাস্তবায়ন হলে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার আসবে। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান।
এর আগে, তিনি পার্বতীপুরের ঢেরার হাট বাজারে নেতাকর্মীদের সঙ্গে বিএনপির রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।