জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফুলবাড়ীতে জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, জেলা ইউনিট সদস্য মনজুরুল কাদের বাবু, সাবেক ছাত্রশিবির নেতা সুলতানুল আলম, পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন।
সমাবেশে বক্তারা পলাতক আওয়ামী লীগ সরকারের ইসলামবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেন।
পরে যোহরের নামাজের পর জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।