শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর!

চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর!
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঠাকুরগাঁও সদরের এক নিভৃত গ্রাম পাটিয়াডাঙ্গী। সবুজ ক্ষেত, শান্ত দুপুর, আর প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনযাপন। ঠিক এই নিরবতায় হঠাৎই মোটরসাইকেল চুরি। সেখান থেকেই উদ্ধার হয় একটি চুরিকৃত মোটরসাইকেল। আর সেই সূত্র ধরেই ধরা পড়ে মোটরসাইকেল চুরির অভিযোগে জড়িত দুই কিশোর।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মকবুল হোসেন, প্রতিদিনের মতো সকালে বের হয়েছিলেন তাঁর প্রয়োজনীয় কাজে। কিন্তু ফিরে এসে দেখেন তাঁর একমাত্র মোটরসাইকেলটি নেই। মাথায় বাজ পড়ে। প্রথমেই ছুটে যান রুহিয়া থানায়।

থানায় দায়ের করেন একটি মামলা। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তাঁর গাড়িটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।

রুহিয়া থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও স্থানীয় সূত্র ধরে তারা জানতে পারে, চুরিকৃত বাইকটি পাটিয়াডাঙ্গী এলাকায় রয়েছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মোটরসাইকেলটি।

পাশাপাশি পুলিশ গ্রেপ্তার করে দুই কিশোরকে। আঃ মান্নানের ছেলে আশিকুর রহমান আসিফ (১৮) ও ওয়াহাব আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (১৮)। দুজনের বাড়িই আটোয়ারী উপজেলার দোহসু (মাছয়ারপাড়া)।

তাদের বিরুদ্ধে আনা হয়েছে দণ্ডবিধির ধারা ৩২৮/৩৭৯/৪১৩ এর অভিযোগ। পুলিশ জানায়, এটি শুধু সাধারণ চুরির ঘটনা নয়, বরং একটি চক্রের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রুহিয়া থানার ওসি নাজমুল কাদের বলেন, “মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। আমরা যাচাই করছি এই দুজন বড় কোনো চোরচক্রের সঙ্গে যুক্ত কি না।”

রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, বর্তমানে মোটরসাইকেল চুরির ঘটনায় কিশোরদের যুক্ত থাকার প্রবণতা বেড়েছে। তারা নিজেরা চুরি করছে, না কি অপরাধীদের ‘অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা ভেবে দেখা জরুরি। এই ঘটনা আমাদের সামাজিক শিক্ষার দিকেও প্রশ্ন ছুড়ে দেয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন