শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপ্টাস চারা ধ্বংস

ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপ্টাস চারা ধ্বংস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পরিবেশ রক্ষার নামে গড়ে উঠেছিল ‘সবুজের’ আবরণ, অথচ তার আড়ালে লুকিয়ে ছিল পরিবেশ বিধ্বংসী এক বাস্তবতা। দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ইউক্যালিপ্টাস গাছের ২ হাজার চারা ধ্বংস করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান ও জাকির হোসেন।

জানা যায়, সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ১৫ মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এসব আগ্রাসী প্রজাতির গাছ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে।

এই নির্দেশনার আলোকে ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নের দুই বোন নার্সারিতে ১ হাজার ৫০০ এবং এলুয়াড়ীর গণিপুর এলাকার সুধীর নার্সারিতে ৫০০ ইউক্যালিপ্টাস চারা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, “ইউক্যালিপ্টাস পানি শোষণে অতিমাত্রায় সক্ষম এবং মাটির উর্বরতা ধ্বংস করে। এজন্যই এ গাছ নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন