বিশ্বকাপে ভালো করে বৈশ্বিক মঞ্চে জায়গা করে নিতে চায় বাংলাদেশ নারী দল

নারী ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে এবার টি-টুয়েন্টি বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা মনে করেন, বড় মঞ্চে ভালো পারফরম্যান্স করতে পারলে শুধু দলেরই নয়, ব্যক্তিগতভাবেও ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। মূল পর্বে অংশ নেওয়ার আগে স্কটল্যান্ডে নেদারল্যান্ডস ও স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা। আজ রাত ও আগামী পরশু সকালে দুই ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
বিশ্বকাপ যাত্রার আগে সংবাদ সম্মেলনে নিগার বলেন, বাংলাদেশের নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ তুলনামূলক কম। তাই বিশ্বকাপের মতো আসরে নিজেদের প্রমাণ করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়বে এবং খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, বড় টুর্নামেন্টে ভালো খেললে খেলোয়াড়দের আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই লক্ষ্য নিয়েই ইতিবাচক মানসিকতায় এগোচ্ছে দল।
অতীতের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড খুব একটা উজ্জ্বল না হলেও এবার ভিন্ন কিছু করার প্রত্যয় দেখাচ্ছে দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
নিগার মনে করেন, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে ভালো সম্ভাবনা রয়েছে তাদের। পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অতীতে জয়ের অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী দল। তাঁর ভাষায়, টুর্নামেন্টে ভালো শুরু করতে পারলে সেটি পুরো আসরে ইতিবাচক প্রভাব ফেলবে।