বিশ্বকাপের আগে কৌশলে বড় পরিবর্তনের পথে আর্জেন্টিনা

২০২২ সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে পাওয়া সেই ঐতিহাসিক সাফল্যের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা।
তবে আসন্ন বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। দলের রক্ষণভাগে একের পর এক ইনজুরি ও ফিটনেস সমস্যায় বিপাকে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই পরিস্থিতি সামাল দিতে স্কালোনি স্কোয়াডে বাড়তি ডিফেন্ডার রাখার পরিকল্পনা করছেন। সাধারণত যেখানে আটজন ডিফেন্ডার রাখা হয়, সেখানে এবার নয়জন রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপ খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি গঞ্জালো মন্টিয়েলও ফিটনেস সমস্যায় ভুগছেন।
বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে রক্ষণভাগে এই সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্কোয়াডে অতিরিক্ত ব্যাকআপ রাখার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবারের আসরেও অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মাঠে নামার আগেই রক্ষণভাগের এই অনিশ্চয়তা দলটির পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করেছে।