হুমায়ুন কবিরের নিয়োগে সংবিধান লঙ্ঘন হয়নি: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে সংবিধান বা আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকার সংবিধান মেনেই তাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
আইনমন্ত্রী বলেন, ‘আইনে যা আছে, সেটাই আছে। আর এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সংবিধান মেনেই নিয়েছে। এখানে ব্যত্যয়ের কোনো বিষয় ঘটেনি। আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
এর আগে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তখনও তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্পষ্ট করেননি।
গত শুক্রবার (২১ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। শপথের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।