ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ

ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার নির্দেশও দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের সদস্যদের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর ডেঙ্গু চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়। আক্রান্ত রোগীকে কামড়ানোর পর কোনো মশা যেন অন্য ব্যক্তিকে কামড় দিয়ে ডেঙ্গু ছড়াতে না পারে, সে ঝুঁকি কমাতেই এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠে এর প্রতিফলন থাকতে হবে।’
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, দুই সিটি করপোরেশনের প্রশাসনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।