ইএফটির মাধ্যমে টাকা ফেরত পাবেন হাজিরা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী চার হাজার ৩৪১ জন হাজি হজ প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত পাচ্ছেন। সর্বমোট চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে। এর মধ্যে রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে চেক তুলে দেওয়া হয়। বাকি হাজিদের টাকা ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি, ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী সম্মানিত হাজীদের হজ প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ৪ হাজার ৩৪১ জন হাজি মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাবেন। এই টাকা হাজীদের ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে।
এ ছাড়া ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না।
উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন হাজির হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়েছে। অন্য হাজীদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তাদের ব্যাংক হিসাবে চলে যাবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হাজীদের অর্থের সঠিক হিসাব দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, হজের ব্যয় কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা পূর্ববর্তী বছরের তুলনায় আরও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, বিমান পরিবহন, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় এবারের হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হজের ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। হাজীদের সেবায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজীদের কাছ থেকে নেওয়া অর্থের মধ্যে যে অর্থ ব্যয় হয়নি, হিসাব-নিকাশ শেষে সেই উদ্বৃত্ত অর্থ সংশ্লিষ্ট হাজীদের ফেরত দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ৪ হাজার ৩৪১ জন হাজিকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হচ্ছে।