বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রেফারির ভূমিকায় এখনই আসছেন না মাহমুদউল্লাহ

রেফারির ভূমিকায় এখনই আসছেন না মাহমুদউল্লাহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত করতে বেশ কিছুদিন ধরেই উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে শনিবার শুরু হওয়া দুই দিনের রেফারিদের প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এই প্রস্তাবে সাড়া দেননি তিনি।

বিসিবির আম্পায়ার্স বিভাগ সূত্রে জানা গেছে, সরাসরি যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ জানিয়েছেন, বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলার ওপরই বেশি মনোযোগ দিতে চান। ফলে এই পর্যায়ে মাঠের বাইরে রেফারির ভূমিকায় তাকে দেখা যাচ্ছে না।

এদিকে বিসিবি আশা করছে, ভবিষ্যতে অভিজ্ঞ সাবেক খেলোয়াড়রা মাঠের বাইরেও দায়িত্বশীল ভূমিকা রাখতে আগ্রহী হবেন, যা দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় বাড়তি পেশাদারিত্ব ও অভিজ্ঞতা যোগ করবে।

বিসিবির এ কর্মশালায় মাহমুদউল্লাহ ছাড়াও আমন্ত্রণ পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানি প্রমুখ। তাঁদের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ম্যাচ রেফারিংয়ে আগ্রহী আরও প্রায় ৩০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।

হাবিবুল বাশার দীর্ঘদিন ধরে বিসিবির সঙ্গে যুক্ত রয়েছেন। একসময় নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বর্তমানে নারী উইংয়ের হয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন। আবদুর রাজ্জাকও জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন নিয়মিত।

দেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ও ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে, আর টি-টোয়েন্টিতে ছিলেন নিয়মিত অধিনায়ক। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত। তাই আপাতত কোনো প্রশাসনিক বা রেফারিং দায়িত্বে যুক্ত না হয়ে পুরো মনোযোগ রাখছেন মাঠের খেলাতেই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন