সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেসে ইতালির বিশেষায়িত প্রশিক্ষণ চায় বাংলাদেশ

    মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেসে ইতালির বিশেষায়িত প্রশিক্ষণ চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ও ডেটা অ্যানালাইসিসসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ দিতে ইতালির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

    রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সময় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।

    কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালি সরকারের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী দেশটির নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

    বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকারি-সরকারি (জি-টু-জি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

    প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বিনিময়ের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন এবং মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

    এ ছাড়া বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ, ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার, ড্রোন পরিচালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ও ডেটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতালির কমান্ড্যান্টের সহযোগিতা চাওয়া হয়।

    ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দুই বাহিনীর মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা।

    বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালির প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন