ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বাইরে কয়েকটি স্থানে আগুন লাগানো হলেও তা ঘরের ভেতরে ছড়াতে পারেনি। প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, বাড়ির বাইরে কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছিল। ঘটনার পর পুলিশ এসে তেলের বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ঢেলে কাগজ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো পরিকল্পিত হামলা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ৩টার দিকে তাঁর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন।
পোস্টে সাদিক কায়েম লেখেন, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। এসব চোরাগোপ্তা হামলা তাঁদের আন্দোলন থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। দলটির নেতারা বলেন, সারা দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা চলছে। এসব ঘটনা প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাঁরা আন্দোলনের নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।