মোহাম্মদপুরে ১৮২ শহীদের মরদেহ শনাক্তের কাজ শুরু

মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ১৮২ জনের মরদেহ শনাক্তের জন্য পুলিশি কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে। শিগগিরই শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহে কাজ শুরু করা হবে।
ইতোমধ্যে কবরস্থান এলাকা পর্যবেক্ষণ, তাঁবু টানানোসহ অন্যান্য প্রস্তুতি নেয়া হয়েছে। মরদেহ উত্তোলনের প্রথম দিন সিআইডির প্রধানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
পুলিশের পক্ষ থেকে আদালতে করা আবেদনে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিহত হন। তাদের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে উত্তোলন করা দরকার।