বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সরবরাহ বেড়েছে, তবু কমছে না শীতের সবজির দাম

সরবরাহ বেড়েছে, তবু কমছে না শীতের সবজির দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও কমেনি। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগমসহ বেশিরভাগ শীতের সবজি গত বছরের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা বলছেন, গত অক্টোবরের অতিবৃষ্টিতে সারাদেশে শীতকালীন সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক জায়গায় সবজির জমি নষ্ট হওয়ায় স্থানীয় পর্যায়েও দাম স্বাভাবিক হয়নি।

যদিও বাজার এখন শিম, বেগুন, কপি, টমেটো, গাজর, লাউ, মুলা, পালংসহ নানা সবজিতে পরিপূর্ণ—তবু দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা।

মালিবাগ বাজারে ক্রেতা শিহাব হোসেন বলেন, “শীতের সবজি এসেছে অনেকদিন হলো, কিন্তু দাম এখনও হাতের নাগালে আসেনি। অন্য বছর এসময় দাম অনেক কমে যেত।”

বর্তমান বাজারদর

বেগুন: ১০০–১২০ টাকা (সাধারণত শীতে ৪০–৬০ টাকা)
ফুলকপি/বাঁধাকপি: ৪৫–৫৫ টাকা প্রতিটি
শিম: ১০০ টাকা বা তার বেশি, কোথাও ৭০–৮০ টাকা
নতুন আলু: কেজি ১২০–১৫০ টাকা
বরবটি: কেজি ৭০–৮০ টাকা
ঢ্যাঁড়স/পটোল: কেজি ৫০–৭০ টাকা (১০–২০ টাকা বেশি)
মিষ্টিকুমড়া: প্রতিটি ৮০–১০০ টাকা
শাক: প্রতি আঁটি ২০ টাকা (সাধারণত শীতে ১০–১৫ টাকা)

কারওয়ান বাজার আড়তদার মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, “হঠাৎ বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ায় এখনো সারাদেশ থেকে সরবরাহ পূর্ণমাত্রায় শুরু হয়নি। আরও ৭–১০ দিনের মধ্যে বাজার স্বাভাবিক হতে পারে।”

সবজির দাম চড়া থাকলেও পেঁয়াজের বাজারে খানিকটা স্বস্তি ফিরেছে।

দেশি পেঁয়াজ: ১১০–১২০ টাকা কেজি
এ ছাড়া ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়েই রয়েছে—
ডজন ডিম: ১২৫–১৩০ টাকা
ব্রয়লার মুরগি: কেজি ১৬০–১৭০ টাকা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন