বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলা কিউআর পেমেন্টে সঙ্গে সঙ্গে অর্থ স্থানান্তর: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাংলা কিউআর পেমেন্টে সঙ্গে সঙ্গে অর্থ স্থানান্তর: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলে মার্চেন্টের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে অর্থ স্থানান্তরের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা পেমেন্ট একদিন পর মার্চেন্টের অ্যাকাউন্টে পৌঁছায়।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এই নির্দেশনা সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নতুন নিয়ম আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে দেশে নগদ লেনদেন কমানো এবং ক্যাশলেস সোসাইটি গড়ার উদ্যোগকে আরও ত্বরান্বিত করা হবে। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক অর্থ স্থানান্তর নিশ্চিত করতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বড় মার্চেন্টদের ক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো গ্রাহক সম্পর্ক ও ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে অর্থ স্থানান্তরের সময়সীমা নিজস্বভাবে নির্ধারণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০ লাখ টাকার নিচে লেনদেন করা হলে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর হবে। ১০ লাখ টাকার ওপরে লেনদেন হলে প্রথাগত নিয়ম অনুসরণ করা হবে। আগ্রহী ব্যবসায়ীরা দ্রুততর সুবিধা গ্রহণ করতে পারবেন।

বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি সর্বজনীন ও আন্তঃলেনদেন যোগ্য (ইন্টারঅপারেবল) পেমেন্ট ব্যবস্থা, যা ব্যবহার করে গ্রাহকরা একমাত্র কিউআর কোডের মাধ্যমে যেকোনো ব্যাংক, এমএফএস বা পেমেন্ট অ্যাপ থেকে বিল পরিশোধ করতে পারেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন