বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভারতীয় পেঁয়াজ আসায় বাজারে দাম কমতে শুরু করেছে

ভারতীয় পেঁয়াজ আসায় বাজারে দাম কমতে শুরু করেছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দীর্ঘ চার মাস ২০ দিন পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মাত্র তিন দিনেই প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করায় সরবরাহ বেড়েছে, আর এতে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীসহ বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে, আর ভারতীয় পেঁয়াজ পাওয়া গেছে ৬০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে।

সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, “ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।”

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। নিয়মিত আমদানি চলতে থাকলে দ্রুত বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, মাত্র তিন দিনেই বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির কারণে বাজারে ইতোমধ্যেই প্রভাব পড়েছে। আগামীতেও সরবরাহ বাড়তে থাকবে।

এদিকে সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ জানান, বাজার মনিটরিংয়ের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন। বাজারে ইতোমধ্যেই কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে, সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।”


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন