ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে পাওয়া তথ্য অনুযায়ী হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ওমর ফারুক জানান, হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সময় শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। বিমানবন্দর থেকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ দিয়েছেন এবং দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন।
বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে হাসপাতালে ভর্তি করা হয়।