শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩ বাসিজ সদস্যের মৃত্যু

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩ বাসিজ সদস্যের মৃত্যু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্যারামিলিটারি বাহিনী বাসিজের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে লাভিন দ্বীপে চালানো মার্কিন হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

বাসিজ বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডের অধীনে পরিচালিত একটি প্যারামিলিটারি সংগঠন। এতে সাধারণ নাগরিকরাও সদস্য হিসেবে যোগ দিতে পারেন। আদর্শিক এই বাহিনীতে মূলত তরুণ ও মধ্যবিত্ত-শ্রমজীবী শ্রেণির পুরুষদের অংশগ্রহণ রয়েছে।

ইরানে বাসিজের সদস্যসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ বলে ধারণা করা হয়। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায়ও এই বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন দমনের সময় বাসিজ সদস্যদের সামনের সারিতে মোতায়েন করা হয়েছিল।

এদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। একই সঙ্গে দেশগুলো থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার না করা হলে সেসব দেশে হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে বাহিনীটি।

আইআরজিসির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, আরব দেশগুলোর জন্য নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘ভালো হবে আপনারা আপনাদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করুন এবং নিজেদের ঘাঁটি নিজেদের কাছে নিন।’

ইরানের ওপর যেখান থেকে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাভানি।

বিশেষ করে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করে তিনি সতর্ক করেন। এসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তাদের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি নিয়ে তেহরান উদ্বেগ প্রকাশ করে আসছে।

ইরানের এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন