বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ডিপফেক কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ডিপফেক কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ডিপফেক কনটেন্টের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার ছবি, অবয়ব বা পরিচয় ব্যবহার করে ভুয়া ছবি-ভিডিও তৈরি কিংবা ছড়িয়ে দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৃণাল বলেন, তার পরিচয় ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা প্রচার সম্পূর্ণ বেআইনি এবং গ্রহণযোগ্য নয়। তিনি এই বার্তাকে সংশ্লিষ্টদের জন্য আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে জানান, ভবিষ্যতে এমন অপব্যবহার অব্যাহত থাকলে তিনি সরাসরি আইনি পদক্ষেপ নেবেন।

ভারতে এআই প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেক কনটেন্টের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। এ কারণে অনুমতি ছাড়া ব্যক্তিগত পরিচয় ও অবয়ব ব্যবহারের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠিসহ বেশ কয়েকজন তারকা।

এর আগে ডিপফেক ভিডিওর শিকার হয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর শাস্তির দাবি জানান। পরে তার নামে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ।

প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও পরিচয়ের সুরক্ষা নিশ্চিত করতে ডিপফেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন