বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করেছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করেছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী বাজারের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি পরিবারগুলোর মাসিক ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং জনজীবনে নতুন সংকট তৈরি করবে।

তিনি দাবি করেন, গত কয়েক বছরে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম একাধিকবার সমন্বয় করা হয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। কিন্তু মানুষের আয় সেই অনুপাতে না বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।

তার মতে, এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু গৃহস্থালিতে সীমাবদ্ধ থাকবে না; শিল্প, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ও উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে বাজারে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ জোরদারের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় এলপিজির নতুন মূল্য পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন