ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
একই দিনে ঢাবির প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা তার ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে কাজ করার ইচ্ছা তার ছিল না বলে উল্লেখ করেন তিনি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান। তিনি লেখেন, এত বড় দায়িত্ব সাধারণত সিনিয়র শিক্ষকদের দেওয়া হলেও তিনি সেই দায়িত্ব পেয়েছিলেন, যা তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল।
সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে তিনি শিখেছেন কীভাবে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং শিক্ষার্থীদের পাশে থাকতে হয়।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলন-পরবর্তী সময় ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যা আগে কোনো প্রক্টর টিমের জন্য স্বাভাবিক ছিল না।
নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে শেহরীন আমিন ভূঁইয়া তার পোস্টের শেষে লেখেন, দায়িত্ব পালন করা তার জন্য একটি সম্মানের বিষয় ছিল এবং নতুন নেতৃত্বের জন্য তিনি শুভকামনা জানান।