১ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি জুতা, পাইলট কার্যক্রম চালু

সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী জুলাইয়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি জুতা ও মোজাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রথম ধাপে প্রতিটি উপজেলার নির্বাচিত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে জুতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের ব্যাগ, স্কুল ড্রেস এবং ফুটওয়্যার (জুতা-মোজা) সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এই উদ্যোগের অংশ হিসেবে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যেখানে প্রথম পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে।
তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
ববি হাজ্জাজের মতে, এই উদ্যোগ শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, বরং শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এজন্য জুতার মান, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ায় নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মানে পার্থক্য থাকায় একটি অভিন্ন মানদণ্ড নির্ধারণ জরুরি, যাতে শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অসম অভিজ্ঞতা তৈরি না হয়।
প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
এছাড়া টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে মন্ত্রণালয়, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা থাকবেন। পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে এই পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।