শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

অপ্রত্যাশিত উৎসবে রূপ নিয়েছে নির্বাচন, বললেন মির্জা ফখরুল

অপ্রত্যাশিত উৎসবে রূপ নিয়েছে নির্বাচন, বললেন মির্জা ফখরুল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবারের নির্বাচন এতটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এটা অনেকেই ভাবেননি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, দিনভর জেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে তিনি ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। তার ভাষ্য, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছে। মানুষের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে আশাবাদী করেছে।

তিনি বলেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদের প্রত্যাশা করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে দেশ একটি নির্বাচিত সরকার ও কার্যকর পার্লামেন্ট পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত ১৬ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপটে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

নির্বাচনে দলের ফলাফল নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে দুইজন নারী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যাদের মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।

সব মিলিয়ে জেলার তিনটি আসনেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন