২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশ-এ পুরস্কার পেলেন ইবি শিক্ষক

‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’তে সেরা দশ-এ পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। এছাড়াও প্রদর্শনীর বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মোস্তাফিজুল হক উপস্থিত ছিলেন। এসময় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এসময় স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আবদুল হালিম।
পুরস্কারপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক মো: ইমতিয়াজ ইসলাম বলেন, আমার জমানো টিকিটের ওপর ভ্রমণ অভিজ্ঞতায় সাধারণ মানুষের জীবনযাপন, আচার ব্যবহার এবং তাদের সমসাময়িক ঘটনাকে জলরং মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পেইন্টিং এর সরল দৃশ্যভাষায় মানুষের প্রতিদিনের জীবনকে রিলেট করানো ছিল এই কাজের উদ্দেশ্য। এসময় তিনি বলেন, ছবি আঁকাকে আমি উপভোগ করি। তাই পুরস্কারে কথা মাথায় রেখে কখনো ছবি আঁকিনি, কিন্তু এমন প্রাপ্তি সবসময় সামনে আরো ভালো কাজ করার উৎসাহ জোগায়। আমি আশাবাদী ইবির চারকলা বিভাগে আমার সকল ছাত্রছাত্রীরা এরকম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করবে এবং তাদের শিল্পচর্চাকে অব্যাহত রাখবে। পরিশেষে তিনি আয়োজকবৃন্দ এবং দেশের সকল শিল্পীদের শুভাশিস কামনা করেন।
ইতোপূর্বে তিনি ২৪ তম জাতীয় শিল্পপ্রদর্শনী পুরষ্কার, সভেরিয়ান এশিয়ান আর্ট প্রাইজ, বার্জার তরুণ শিল্পী পুরষ্কারসহ আরো অনেক গ্র্যান্ট ও পুরস্কারে দেশে ও বিদেশে ভূষিত হন।
সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, শিল্পকলা একাডেমি শিল্পকলাকে গণমানুষের কাছে নিয়ে যাওয়ার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
গতকাল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালার ২ থেকে ৭ নম্বর পর্যন্ত মোট ছয়টি গ্যালারিতে এই বিপুল শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এতে চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনা শিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে। নবীন চারুশিল্পীদের এই প্রদর্শনী প্রতি কর্মদিবসে বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর পুরস্কার বিজয়ী শিল্পীদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদ ও অর্থমূল্যের চেক তুলে দেন। এবার মোট ১০টি পুরস্কার দেওয়া হয়েছে। স্বর্ণপদক ও দুই লাখ টাকা অর্থমানের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন শিল্পী আসফিকুর রহমান। দেড় লাখ টাকা অর্থমানের দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সীমা মণ্ডল ও এক লাখ টাকা অর্থমানের তৃতীয় পুরস্কার পেয়েছেন নুর এ আলা সিদ্দিক। এ ছাড়া প্রতিটি ৭৫ হাজার টাকা অর্থমানের সাতটি সম্মানসূচক পুরস্কার পেয়েছেন তানভীর আহমেদ, লেখনেছা খাতুন, ইমতিয়াজ ইসলাম, ঋতুরূপা তালুকদার, জিন্নাতুন জান্নাত, নাজনীন আহমেদ ও অন্তরা মেহরূখ আজাদ।
উল্লেখ্য, নবীন চারুকলা প্রদর্শনী শুরু হয়েছিল ১৯৭৫ সালে। এবারের প্রদর্শনীতে সারা দেশের ২১ থেকে ৩৫ বছরের ৬৮১ জন শিল্পী ১ হাজার ৩৯৩টি শিল্পকর্ম জমা দিয়েছিলেন। বাছাইয়ের পর ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।