নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই সেবা ও ই-রিসোর্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘এক্সেস অফ এআই সার্ভিস এন্ড ই-রিসোর্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল সোমবার সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “মোবাইল বা কম্পিউটার খুললেই এআই-এর প্রসপেক্ট সামনে আসে। বর্তমান বিশ্বে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা শিক্ষকতায় আছেন, তাঁদের জন্য এটি আরও বেশি জরুরি। পাঁচটি সেশনের এই প্রশিক্ষণ ব্যক্তিগত দক্ষতা উন্নত করতে সহায়ক হবে।” ভবিষ্যতে এ বিষয়ে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণের আয়োজনের কথাও জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাওরিত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন) এবং আইন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ ইরফান আজিজ।
প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বিডিরেনের সিস্টেম অ্যান্ড সার্ভিসের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ইনোভেশনের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ এবং ড. এম হোসাম হায়দার চৌধুরী।
আইকিউএসি আয়োজিত কর্মশালার সভাপতি ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। উদ্বোধনী সেশন সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।