ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভাগের শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, সহকারী অধ্যাপক কামাল হোসেন, সহকারী অধ্যাপক ইসরাত জাহানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
র্যালি শেষে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিভাগগুলোর একটি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। বিভাগের শিক্ষার্থীরা ব্যাংক ও প্রফেশনাল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের র্যালির মূল উদ্দেশ্য একাউন্টিং শিক্ষার গুরুত্ব তুলে ধরা ও তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে আগ্রহ সৃষ্টি করা।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ পেশাজীবী ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে একটি সফল র্যালি আয়োজন করেছে। এই দিবসটি ১৪৯৪ সালে লুকা প্যাসিওলির 'ডবল এন্ট্রি সিস্টেম' প্রবর্তনের স্মরণে পালিত হয়, যা আধুনিক হিসাববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।