ইবিতে বিগত ১৫ বছরের অনিয়মের বিবরণী চেয়ে ইউজিসির চিঠি

নাজমুল হুসাইন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিগত ১৫ বছরে সমাপ্ত উন্নয়ন প্রকল্প বা চলমান প্রকল্পের অনিয়মের বিবরণী চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তবে চিঠি না পাওয়ায় অনিয়মের বিবরণী প্রেরণ করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চিঠি প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউজিসি সূত্রে, গত ১১ আগস্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা স্বাক্ষরিত একটি চিঠি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বরাবর প্রেরণ করা হয়। চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিগত ১৫ বছরের অনিয়মের বিবরণী সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করার জন্য বলা হয়৷ এছাড়া সমাপ্ত বা চলমান সকল প্রকল্পের অনিয়ম বা দুর্নীতি যদি থাকে তবে তা পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য বলা হয়।
এদিকে চিঠি না পাওয়ায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে প্রেরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। তিনি বলেন, আমার দপ্তরে বা মেইলে এই সংক্রান্ত হার্ড কপি বা সফট কপি কোনো ধরনের চিঠি আসেনি। যার ফলে এই প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি। যদি চিঠি আসে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এবিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা বলেন, তারা চিঠি পায় নি এমনটা বলার সুযোগ নেই। গত ১৫ বছরের অনিয়মের বিবরণী চেয়ে আমরা প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছেই চিঠি দিয়েছি। তাদের অনেকেই ইতোমধ্যে জমাও দিয়েছেন। তারা চিঠি না পেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে৷ তবে অস্বীকার করার সুযোগ নেই।