টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার বহুমুখী দায়িত্ব পালনের কারণে বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তাদের দাবি, গত দুইদিন ধরে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করা হলেও কোনো সাড়া মেলেনি। ফল না পেয়ে আজ তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।