মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান”

ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি সম্প্রতি এক বিজনেস ফোরাম বা ব্যবসায়িক সম্মেলনে বলেছেন, তাঁর ফুটবল জীবনে কী অর্জন করেছেন তা পুনর্বিবেচনার সময় একদিন আসবে। তবে বর্তমানে অবসরের আগে নিজের অবদান নিয়ে ভাবছেন না তিনি। মেসির নতুন চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত রয়েছে।
মেসি সম্মেলনে বলেন,
“এখন আমার খেলা উপভোগ করার এবং মাঠে থাকবার সময়। একটা সময় তো অবসর নেবই। তখনই ক্যারিয়ারে যা করেছি, তা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব।”
মায়ামি শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসিকে শহরের প্রতীকী চাবি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও করপোরেট অতিথিরা তাকে করতালিতে অভ্যর্থনা জানান।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ছিলেন আমেরিকা বিজনেস সামিটের প্রথম দিনের শেষ বক্তা। তাঁর আগে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মেসি মায়ামির শহরবাসীর আন্তরিক আতিথ্যের প্রশংসা করে বলেন,
“দারুণ, এই অসাধারণ শহরে প্রথম দিন থেকেই মানুষের ভালোবাসা চোখে পড়েছে। আজও আমাকে যেভাবে স্বাগত জানানো হলো, আমি ভীষণ কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন,
“একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা—আমার মনে হয় এর চেয়ে বড় কিছু নেই। বিশ্বকাপ জিতে গেলে আর কিছু চাওয়ার থাকে না।”
২০২৩ সালের মাঝামাঝি ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। গত মৌসুমে তিনি মেজর লিগ সকারের (MLS) এমভিপি নির্বাচিত হয়েছেন। ৩৮ বছর বয়সেও এবারের MLS লিগে করেছেন সর্বোচ্চ ২৯ গোল এবং ১৯টি অ্যাসিস্ট, মোট ৪৮টি গোল-এর অবদান, যা ২০১৯ সালে কার্লোস ভেলার ৪৯ গোলের রেকর্ডের থেকে মাত্র একটিই কম।

ব্যবসায়িক সম্মেলনে মেসি স্বীকার করেন, ধীরে ধীরে তাঁর মন ফুটবল-পরবর্তী জীবনের দিকে সরছে। তিনি বলেন,
“দুর্ভাগ্যজনকভাবে, একসময় সবকিছু শেষ হয়। আমি শিখতে চাই। নতুন কিছু আসছে, অন্য এক দুনিয়া। ধীরে ধীরে সেদিকে জড়িয়ে পড়ছি।”
ইন্টার মায়ামি জানিয়েছে, মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাদের নতুন স্টেডিয়ামের নির্মাণ বড় এক মাইলফলক পেরিয়েছে। স্টেডিয়ামের ছাউনি বসানোর কাজ শেষ হয়েছে, এবং মেসি অধীর আগ্রহে সেখানে খেলার অপেক্ষায় রয়েছেন।